
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মামদানির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি শহরে বিভাজন, ঘৃণা ও ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছেন।
রোববার (২৬ জুলাই) ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘মামদানির উদ্দেশে আমার জবাব হলো, আমি নিউইয়র্কে আসব। জাতিসংঘের মঞ্চে সত্য তুলে ধরব এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলব।’
এর আগে, নিউইয়র্ক সিটির মেয়র মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, তিনি নিউইয়র্কে স্বাগত নন। নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি হামাসের প্রতি সহানুভূতিশীল এবং ৭ অক্টোবরের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছেন।
নেতানিয়াহু আরও দাবি করেন, মামদানির পরিবারের সদস্যরা ওই হামলা উদ্যাপন করেছিলেন, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন।
নেতানিয়াহু নিউইয়র্ক সিটির নেতৃত্বের সমালোচনা করে বলেন, একজন মেয়রের দায়িত্ব হলো সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করা। তিনি মামদানি কর্তৃক ইহুদি বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করার অভিযোগ করেন।
এদিকে, নিউইয়র্কের একটি সিনাগগের বাইরে সাম্প্রতিক হামলার ঘটনাও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, মামদানির বক্তব্যের পরদিনই ওই হামলা ঘটে, যদিও এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ তিনি দেননি।

Reporter Name 






















