সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন। দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত আটজনের মধ্যে দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি চলমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনার পরদিন, ১১ অক্টোবর, পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
সূত্র: আজকের পত্রিকা (বাসস), দৈনিক কালের লিখন
— আলোকিত টিভি

Reporter Name 




