বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৫ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি প্রথমে আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। পরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করে এটি একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’, যা বাংলাদেশের দেওয়া নাম। বর্তমান গতিপথ বজায় থাকলে আগামী বুধবার (২৮ অক্টোবর) এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সূত্র: জাগো নিউজ ২৪, জুম বাংলা, নবপ্রকাশ
— আলোকিত টিভি

Reporter Name 




