বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট দূর করতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬০৮ দশমিক ১৪ কোটি টাকা। গত ২২ অক্টোবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রস্তাব অনুযায়ী দুটি পৃথক প্রকল্পে এই কেনাকাটা হবে। এর মধ্যে ৪ হাজার ৮২৯টি সাধারণ অপারেশনাল যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহনের জন্য ২ হাজার ২৮০ দশমিক ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারি অর্থায়নে প্রকল্প দুটির মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশের ৬৩৯টি প্রশাসনিক থানা বর্তমানে মাত্র ১ হাজার ২৩৭টি যানবাহন নিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সেবা দিচ্ছে। অর্থাৎ থানা প্রতি গড়ে দুটিরও কম গাড়ি রয়েছে এবং বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশই ১০ বছরের বেশি পুরোনো। ফলে নিয়মিত টহল, জরুরি সাড়াদান এবং প্রয়োজনের সময় দ্রুত ফোর্স মোতায়েনে পুলিশকে বেগ পেতে হচ্ছে।
বিশেষায়িত যান প্রকল্পের অধীনে দাঙ্গা নিয়ন্ত্রণ গাড়ি, অল-টেরেইন ভেহিকল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার এবং ক্রাইম সিন ভ্যান কেনা হবে। এ ছাড়া দেশের বিশাল নৌপথ পাহারা, কেপিআই এলাকার নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান ও উদ্ধার তৎপরতার জন্য স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌকা কেনার পরিকল্পনাও রয়েছে। এই বিনিয়োগ পুলিশের গতিশীলতা বাড়াবে এবং অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ, এবিসি টিভি ২৪
— আলোকিত টিভি

Reporter Name 




