গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরিবারের মেয়ে তানিশা (১৬)। এর আগে বুধবার রাত আটটার দিকে একই হাসপাতালে মারা যান তার বাবা মো. লাল চান মিয়া (৬০) ও মা মোছা. নাসিমা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাতটার দিকে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টারবাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকা এই পরিবারের ঘরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
তানিশার মামা মো. জিহাদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তার ভগ্নিপতি ও বোনের মৃত্যু হয়, আজ সকালে মারা গেছে ভাগনি তানিশাও। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার কুলিপাড়া গ্রামে।
সূত্র: দৈনিক আগামীর সময়, জাতীয় অর্থনীতি
— আলোকিত টিভি

Reporter Name 




